অনলাইন লেনদেনে ওটিপি ও পিনের পার্থক্য কী?
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
ডিজিটাল লেনদেনে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পিন ও ওটিপি গোপন রাখা অত্যন্ত জরুরি।
ডিজিটাল লেনদেন, মোবাইল ব্যাংকিং কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীদের কাছে ওটিপি ও পিন দুটিই জরুরি নিরাপত্তা কোড। অনেকে এই দুটিকে একই মনে করলেও এদের কাজ, মেয়াদ ও ব্যবহারের পদ্ধতি সম্পূর্ণ আলাদা।
ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হলো একটি অস্থায়ী নিরাপত্তা কোড। এটি এসএমএস, ই-মেইল বা অ্যাপের মাধ্যমে পাঠানো হয়। ওটিপি কেবল নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকে এবং একবার ব্যবহার করলেই বা সময় পার হলে এর মেয়াদ শেষ হয়ে যায়।
অন্যদিকে, পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) হলো ব্যবহারকারীর নিজের নির্ধারিত গোপন নম্বর। এটি পরিবর্তন না করা পর্যন্ত দীর্ঘ সময় ধরে একই থাকে।
সংক্ষেপে বলতে গেলে, ওটিপি হলো ‘একবারের চাবি’ আর পিন হলো ‘নিজের তালার গোপন চাবি’। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিলেও কখনো ওটিপি বা পিন শেয়ার করা যাবে না।
পাশাপাশি সহজে অনুমানযোগ্য পিন এড়িয়ে চলা, নিয়মিত পিন পরিবর্তন করা এবং সন্দেহজনক লিংকে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভুলবশত কোনো তথ্য প্রকাশ পেলে দ্রুত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।