৭টি গোপন উপায়ে কমান ভুতুড়ে বিদ্যুৎ বিল
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
সহজ কিছু অভ্যাস বদলেই কমানো যায় মাসিক বিদ্যুৎ বিল। ছবি: সংগৃহীত
মোবাইলের চার্জার সকেটে লাগিয়ে রাখা অনেকের অভ্যাস। চার্জ না হলেও মনে হয়, বিদ্যুৎ বিল বাড়ছে না। কিন্তু এই নিরীহ দেখতে চার্জারও সামান্য হলেও বিদ্যুৎ খরচ করে। প্রযুক্তির ব্যবহারে জীবন সহজ হলেও বিদ্যুৎ বিলের বোঝা থেকেই যায়। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব। জেনে নিন এমন ৭টি উপায়।
ফ্যান্টম লোড আটকান
রিমোট দিয়ে টিভি বা এসি বন্ধ করলেই বিদ্যুৎ খরচ পুরোপুরি বন্ধ হয় না। প্লাগ মেইন বোর্ডে যুক্ত থাকলে এবং সুইচ অন থাকলে ডিভাইস বন্ধ অবস্থায়ও সামান্য বিদ্যুৎ টানে। একে বলে ফ্যান্টম লোড বা ভুতুড়ে বিদ্যুৎ। এটি আটকাতে ফ্রিজ বাদে অন্য সব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের পর মূল সুইচ বন্ধ করে দিন।
রান্নায় তাপ ধরে রাখুন
গ্যাস সংকটের কারণে এখন অনেক বাড়িতে ইলেকট্রিক ওভেন বা ইনডাকশন চুলা ব্যবহার হয়। রান্না বা বেকিংয়ের সময় বারবার ওভেনের দরজা খুললে ভেতরের তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি ফারেনহাইট কমে যায়, যা আবার বাড়াতে ওভেনকে দ্বিগুণ বিদ্যুৎ টানতে হয়। তাই দরজা কম খুলুন। রান্না শেষ হওয়ার ৫ থেকে ১০ মিনিট আগেই ওভেনের সুইচ বন্ধ করে দিন, ভেতরের অবশিষ্ট তাপেই বাকি রান্না হয়ে যাবে।
ফ্রিজ পুরোপুরি খালি রাখবেন না
ফ্রিজ পুরোপুরি খালি থাকলে দরজা খোলার সময় বেশি ঠান্ডা বাতাস বেরিয়ে যায়, ফলে কম্প্রেসরের ওপর চাপ বাড়ে। খালি জায়গাগুলো পানির বোতল দিয়ে ভরে রাখুন। এগুলো তাপ ধরে রাখা ও ছাড়ার কাজ করে, যা কম্প্রেসরের ওপর চাপ কমায়।
ওয়াশিং মেশিনের হিটার এড়িয়ে চলুন
ওয়াশিং মেশিনের মোট বিদ্যুৎ খরচের প্রায় ৯০ শতাংশই যায় পানি গরম করতে। কাপড়ে জেদি দাগ না থাকলে সাধারণ ঠান্ডা পানি দিয়েই ধোয়া সারুন, হিটার অপশন এড়িয়ে চলুন।
আধুনিক মোটরের ফ্যান ব্যবহার করুন
সাধারণ সিলিং ফ্যান তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ করে। আধুনিক ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান বিদ্যুৎ সাশ্রয়ী, এগুলো মাত্র ২৮ থেকে ৩৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
ফ্রিজ রাখুন সঠিক জায়গায়
ফ্রিজের আশপাশে চুলার মতো তাপ উৎপাদনকারী যন্ত্র থাকলে গরম বাতাস ঠিকভাবে বের হতে পারে না। ফ্রিজ যত দ্রুত নিজের গরম বাতাস বাইরে ছাড়তে পারবে, কম্প্রেসর তত কম চলবে এবং বিলও কম আসবে। তাই দেয়াল থেকে অন্তত ৩ থেকে ৫ ইঞ্চি দূরে ফ্রিজ রাখুন।
চার্জার সকেটে লাগিয়ে রাখবেন না
সুইচ অন অবস্থায় চার্জার সকেটে যুক্ত থাকলে যে বিদ্যুৎ খরচ হয়, তাকে বলে ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বা ‘ভ্যাম্পায়ার পাওয়ার’। সাধারণ একটি চার্জার সারা মাস সকেটে যুক্ত থাকলেও এর খরচ সাধারণত খুব সামান্যই হয়, তবে পুরোনো, নিম্নমানের বা নকল চার্জারে এই খরচ তুলনামূলক বেশি হতে পারে। এ ছাড়া ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ, টিভি, সেট-টপ বক্স ও মাইক্রোওভেনের মতো একাধিক ডিভাইসের চার্জার সবসময় সকেটে যুক্ত রাখলে মিলিতভাবে বিদ্যুৎ খরচ কিছুটা বেড়ে যেতে পারে।
বিদ্যুৎ সাশ্রয় মানে কৃপণতা নয়, বরং আধুনিক জীবনযাত্রার সঙ্গে একটু বুদ্ধির মেলবন্ধন। তাই আজ থেকেই এই সাত উপায়ে নিজের নিয়ন্ত্রণে আনুন বিদ্যুৎ বিল।