EN ☀️
×

Follow Us

জীবনযাপন

তীব্র গরমে স্বস্তি পেতে পান করবেন যে পানীয়

তীব্র গরমের এই সময়ে সুস্থ থাকতে চা-কফি বা অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় বর্জন করুন

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম

তীব্র গরমে স্বস্তি পেতে পান করবেন যে পানীয়

ছবি: সংগৃহীত

অ অ

চলতি তীব্র গরমে ও দাবদাহে জনজীবন নাকাল। গরমের দিনে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে শুধু পানি নয়, বরং গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট যেমন সোডিয়াম ও পটাশিয়ামও বের হয়ে যায়। এর ফলে শরীরে তীব্র ক্লান্তি, দুর্বলতা ও হজমের সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, এই সময়ে শরীর সতেজ রাখতে শুধু সাধারণ পানি পান করাই যথেষ্ট নয়। শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি শক্তি ও সতেজতা ফিরিয়ে আনতে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু স্বাস্থ্যকর পানীয় রাখা প্রয়োজন যা ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করবে।

গরমে লেবুর শরবত একটি অত্যন্ত সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর পানীয়। সাধারণ পানি, লেবুর রস এবং সামান্য লবণের মিশ্রণ শরীরের হারানো তরল ও সোডিয়ামের ঘাটতি পূরণে দারুণ সহায়ক। লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজমপ্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। শরবতের স্বাদ ও তাৎক্ষণিক শক্তি বাড়াতে চিনির বদলে অল্প পরিমাণ মধু বা গুড় যোগ করা যেতে পারে।

জিরা, পুদিনা পাতা, তেঁতুল এবং বিট লবণ দিয়ে তৈরি জিরাপানি গরমের দিনে শরীরে দারুণ স্বস্তি এনে দেয়। এটি শুধু তৃষ্ণাই মেটায় না, বরং হজমশক্তি উন্নত করতে এবং পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে সাহায্য করে। একই সঙ্গে ঘামের মাধ্যমে শরীর থেকে হারিয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণেও এটি কার্যকর ভূমিকা রাখে।

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ ডাবের পানি গরমের জন্য অন্যতম সেরা ও আদর্শ পানীয়। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকে, যা শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। ডাবের পানি সহজেই শরীরে শোষিত হয় এবং ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও অ্যাসিডিটির সমস্যা দ্রুত কমাতে সাহায্য করে।

বেলের শরবত দীর্ঘদিন ধরেই পেটের ও হজমের সমস্যার জন্য একটি মহাঔষধ হিসেবে পরিচিত। এটি তীব্র গরমে অন্ত্রকে শীতল রাখে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং পেটের বিভিন্ন অস্বস্তি দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে গরমকালে ডায়রিয়া, পাতলা পায়খানা বা হজমজনিত সমস্যা প্রতিরোধে বেলের শরবত বেশ উপকারী। তবে কৃত্রিম রঙ বা বাজারের পানীয় পরিহার করে সর্বোত্তম ফল পেতে ঘরে তৈরি তাজা বেলের শরবত পান করাই ভালো।

তীব্র গরমের এই সময়ে সুস্থ থাকতে চা-কফি বা অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় বর্জন করে এই প্রাকৃতিক পানীয়গুলো নিয়মিত পানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন