EN ☀️
×

Follow Us

জীবনযাপন

প্রথম রোজাতেই জমজমাট চকবাজারের ইফতারি বাজার

ঝাল খাবারের পাশাপাশি মিষ্টিজাতীয় খাবারেরও কমতি নেই। পেশোয়ারি শরবত, লাবাং, ফালুদা আর বিশাল আকারের জিলাপিগুলো বাজারের শোভা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রথম রোজাতেই জমজমাট চকবাজারের ইফতারি বাজার

ছবি: রিয়াজ আহমেদ সুমন

অ অ

পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে ইফতারির সম্পর্ক অবিচ্ছেদ্য। আর সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হলো চকবাজার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিনেই শাহী মসজিদ-সংলগ্ন সার্কুলার রোডের দুই পাশে বসেছিল বাহারি সব ইফতারের আয়োজন। জোহরের নামাজের পর থেকেই শুরু হওয়া এই কর্মব্যস্ততা বিকেলের মধ্যে রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

চকবাজারের ইফতারির মূল আকর্ষণ এর বৈচিত্র্য। বড় বড় থালায় সাজানো থাকে ‘বড় বাপের পোলায় খায়’, সুতি কাবাব, জালি কাবাব, আর আস্ত খাসির রোস্ট। প্রথম দিনেই বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় করছেন নিজেদের পছন্দের পদটি আগেভাগে সংগ্রহ করতে।

পুরান ঢাকার ইফতারির কথা হবে আর এই পদের নাম আসবে না, তা কি হয়? কয়েক ডজন উপকরণ দিয়ে তৈরি এই বিশেষ খাবারটি কিনতে আজও দীর্ঘ লাইন দেখা গেছে। বিক্রেতারা জানান, বংশপরম্পরায় তারা এই ইফতারি তৈরি করে আসছেন এবং প্রথম দিনেই চাহিদাও ছিল আকাশচুম্বী।

শুধু স্থানীয়রাই নন, উত্তরা, বনানী কিংবা ধানমন্ডির মতো দূরবর্তী এলাকা থেকেও ভোজনরসিকরা ছুটে এসেছেন চকবাজারে। কেউ এসেছেন পরিবারের জন্য বিশেষ কিছু নিতে, কেউবা এসেছেন স্রেফ এই উৎসবমুখর পরিবেশের সাক্ষী হতে। যানজট আর ভিড় ঠেলে সবার গন্তব্য যেন সেই একই- ঐতিহ্যের স্বাদ নেওয়া।

ছবি: রিয়াজ আহমেদ সুমন

ঝাল খাবারের পাশাপাশি মিষ্টিজাতীয় খাবারেরও কমতি নেই। পেশোয়ারি শরবত, লাবাং, ফালুদা আর বিশাল আকারের জিলাপিগুলো বাজারের শোভা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মাটির ভাঁড়ে সাজানো দই আর মাঠার পসরা নজর কাড়ছে পথচারীদের।

গত কয়েক বছরের তুলনায় এবারের প্রথম রোজার ভিড় ছিল চোখে পড়ার মতো। আসরের নামাজের পর পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের উচ্ছ্বাস জানান দিচ্ছে, আধুনিকতার ভিড়েও চকবাজারের এই আদি ইফতার সংস্কৃতি আজও অমলিন।

বিকেল ৫টার দিকে দেখা যায়, ক্রেতাদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। কেউ হাতে নিচ্ছেন কাবাবের প্যাকেট, কেউবা বড় বড় পলিথিনে ভরে নিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী শাহী জিলাপি।

আরও পড়ুন