তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সশরীরে আদালতে হাজির হয়ে পুনর্জামিনের আবেদন করেন আইভী। শুনানি শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তার আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনর্জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি হিসেবে আদালতে হাজির হন তিনি। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আজ সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। আমরা আদালতে পুনর্জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।’
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।