EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

নিরাপত্তা শঙ্কায় ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার

ছবি: সংগৃহীত

অ অ

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার নিরাপত্তা শঙ্কায় কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে, প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী। পরে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রম পরিচালনার পক্ষে মত দেয় প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, জিয়াউল আহসানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তারা বিবেচনায় নিয়েছেন। তিনি বলেন, “যেহেতু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাকে ট্রাইব্যুনালে না এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী ভার্চ্যুয়ালি মামলা পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন ট্রাইব্যুনাল।”

এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে। এখন আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করবেন।

সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

আরও পড়ুন