EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালালেন আসামি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
অ অ

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।

পলাতক শরিফুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, একটি মামলার ধার্য তারিখে শরিফুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের এজলাসে থাকা অবস্থায় তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্য একটি মামলার ধার্য তারিখে শরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে আদালতে তোলার পর দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য কিছুটা অন্যমনস্ক হওয়ার সুযোগে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও বলেন, ঘটনাটি বিচারক এজলাসে থাকা অবস্থাতেই আদালতের ভেতরে ঘটেছে। এ ঘটনায় মামলা করা হবে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আদালত সূত্রে আরও জানা গেছে, এর আগেও শরিফুল ইসলাম একবার আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন