EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তান-তুরস্কের সম্পর্ক এখন বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে: শাহবাজ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

পাকিস্তান-তুরস্কের সম্পর্ক এখন বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে: শাহবাজ
অ অ

পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব এখন বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা, অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ইসলামাবাদে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শাহবাজ শরিফ।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও তুরস্কের অংশীদারত্ব এখন শুধু রাজনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হয়েছে। দুই দেশের সম্পর্কের পরিপক্বতারই প্রতিফলন এই বহুমাত্রিক অংশীদারত্ব।

তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের গভীরতার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বেরও সামঞ্জস্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

গত ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন শাহবাজ শরিফ। তার মতে, এই চুক্তি তিন দেশের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান পাকিস্তানের নীতির অন্যতম ভিত্তি বলেও জানান তিনি।

এ সময় প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্কের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা রয়েছে।

তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে করাচিতে ‘প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান স্পেশাল ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাবের কথাও তুলে ধরেন। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল তুরস্কের বিনিয়োগ আকর্ষণ এবং পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, তরুণ জনগোষ্ঠী, কৌশলগত ভৌগোলিক অবস্থান ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কারণে পাকিস্তানে তুর্কি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্ব ভবিষ্যতে উভয় দেশের জন্য সুফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সূত্র: টাইমস অব ইসলামাবাদ।

আরও পড়ুন