EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি
অ অ

দীর্ঘদিনের মিত্র ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। পাকিস্তানকে স্যাটেলাইটভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণায় প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার এমন উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এতে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা রয়েছে।

গত ২৫ নভেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে রাশিয়া-পাকিস্তান সম্পর্কের সম্ভাব্য নতুন সহযোগিতার বিষয়টি উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশে নভোচারী পাঠানো এবং জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত প্রযুক্তি বিনিময়ে আগ্রহী রাশিয়া।

রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ এ আগ্রহের কথা জানিয়েছেন। তিনি রাশিয়া-পাকিস্তান বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক আন্তসরকারি কমিশনের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।

সিভিলিওভ বলেন, মহাকাশ গবেষণায় রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। এ খাতে দেশটির রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা। তাই মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে মস্কোর আগ্রহ রয়েছে।

সম্প্রতি মস্কোয় রাশিয়া-পাকিস্তান আন্তসরকারি কমিশনের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীরা অংশ নেন। বৈঠক শেষে সিভিলিওভ জানান, মহাকাশ খাতে সহযোগিতার বিষয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় নথি প্রস্তুত করা হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের পরবর্তী বৈঠকে সেগুলো স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ হতে পারে

কৃত্রিম উপগ্রহ প্রযুক্তিতে রাশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) বিকল্প হিসেবে দেশটির নিজস্ব দিকনির্ণয় ব্যবস্থা গ্লোনাস রয়েছে। পাশাপাশি সামরিক নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহেও স্যাটেলাইট ব্যবহার করে রাশিয়া।

সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার কাছ থেকে পাকিস্তান মূলত তিন ধরনের স্যাটেলাইটভিত্তিক সহযোগিতা পেতে পারে।

এর মধ্যে প্রথমটি হলো গ্লোনাস প্রযুক্তি। এ ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামের অবস্থান নির্ণয় এবং সেগুলোর গতিপথ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া সম্ভব। পাকিস্তান এ প্রযুক্তির সুবিধা পেলে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার সক্ষমতা বাড়তে পারে। এর প্রভাব ভারতের নিরাপত্তার ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্বিতীয়ত, চীনের সহায়তায় ইতিমধ্যে একাধিক পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। এসব উপগ্রহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছবি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা যুক্ত হলে পাকিস্তানের নিজস্ব নজরদারি উপগ্রহ তৈরির সক্ষমতা আরও বাড়তে পারে। এতে ভারতের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগও সম্প্রসারিত হতে পারে।

তৃতীয়ত, রাশিয়ার সামরিক নজরদারি উপগ্রহ থেকে পাওয়া তথ্য পাকিস্তানের সঙ্গে বিনিময়ের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এমন সহযোগিতা বাস্তবায়িত হলে ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

এ প্রসঙ্গে ২০২৫ সালের ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ সামনে এসেছে। ওই অভিযানের সময় চীনের স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য পাকিস্তানকে সহায়তা করেছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে রাশিয়া-পাকিস্তান মহাকাশ প্রযুক্তি সহযোগিতা বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চীনের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান প্রযুক্তিগত সম্পর্কের পাশাপাশি রাশিয়ার সম্পৃক্ততা বাড়লে ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক হিসাব-নিকাশ আরও জটিল হতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন