কুয়েতে ড্রোন হামলা ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’: আরাঘচি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনাকে ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে এ হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ঘটনাটিকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আরাঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান।
এর আগে বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। এ ছাড়া একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। নিহত দুই ইতালীয় নাগরিক কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়টি।
তবে কুয়েতের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই দিন এ অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও ভূপাতিত করেছিল কুয়েতের সেনারা।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন সেনা অবস্থান করছেন। ইরান মূলত দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবারের কুয়েত হামলায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করল তেহরান।
সূত্র: আলজাজিরা