ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম, সতর্ক করলেন ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
ছবি: সংগৃহীত
ইরানের হাতে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসভবন মার-আ-লাগো থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থান ও সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা দেশটির নেই বলে দাবি করেন তিনি।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে ইরান ইসরাইলসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতি ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা নেই। তবে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি।
ইরানের নেতাদের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, তাদের তিনি ভালোভাবেই চেনেন। তারা ‘পাগল’ উল্লেখ করে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
এ সময় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ট্রাম্প। দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তিশালী না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের তাদের পাশে থাকা এবং সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন বলেও জানান তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষরকারী দেশ ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সূত্র: আলজাজিরা
