EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চাঁদের মাটিতে আলু চাষ, স্বাদ কেমন?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

চাঁদের মাটিতে আলু চাষ, স্বাদ কেমন?

কৃত্রিম চন্দ্রমাটিতে আলু চাষে সাফল্য পেলেন গবেষকেরা। ছবি: রয়টার্স

অ অ

চাঁদে দীর্ঘদিন বসবাস করতে হলে নভোচারীদের সেখানেই খাবার ফলাতে হবে, কারণ পৃথিবী থেকে সব খাদ্য বয়ে নেওয়া সম্ভব নয়। সেই লক্ষ্যে নতুন আশা দেখালেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। তাঁরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চন্দ্রমাটিতে জৈব সার মিশিয়ে গ্রিনহাউসে আলু ফলিয়েছেন।

নাসার সহায়তায় পরিচালিত গবেষণাটি গত ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, আলুগুলো খাওয়ার উপযোগী।

চাঁদের মাটিকে বলা হয় রেগোলিথ। ভাঙা পাথর ও ধুলার এই মিশ্রণে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ নেই। রয়েছে তামার মতো ভারী ধাতুও। গবেষক অ্যামেরিক গোয়ে রয়টার্সকে বলেন, রেগোলিথে নাইট্রোজেন না থাকায় বাড়তি উপাদান ছাড়া কোনো ফসল ফলবে না।

এই বাধা কাটাতে চাঁদের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অনুকরণে তৈরি পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ ব্যবহার করেন গবেষকেরা। তাতে কেঁচোর সাহায্যে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে চাষ করা হয় ‘মোডক’ জাতের আলু।

পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া গাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। ৫ থেকে ১৫ শতাংশ সার মেশালে অবস্থার আংশিক উন্নতি ঘটে। আর ৩০ শতাংশ সার ব্যবহারে ফলাফল পৌঁছে যায় ওরেগনের হার্মিস্টনের মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে। এলাকাটি উচ্চ ফলনের আলু চাষের জন্য পরিচিত।

গবেষকদের ধারণা, জৈব পদার্থ ভারী ধাতুকে আটকে রাখে। এতে শিকড় ও গাছের ওপর ক্ষতিকর প্রভাব কমে। বিশ্ববিদ্যালয়টি জানায়, আলুর পুষ্টিগুণ বজায় ছিল। আলু সবুজ হওয়ার সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য হারে বাড়েনি। তবে কিছু পরীক্ষায় আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়াম সামান্য বেশি পাওয়া গেছে, যা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছোট টবে চাষ করায় আলুগুলোর ওজন সাধারণত ১০ গ্রামের কম ছিল। পৃথিবীর মাটিতেও ওই টবে একই অবস্থা দেখা যায়। গোয়ে জানান, বড় টবে করা পরবর্তী পরীক্ষায় বাজারের আলুর কাছাকাছি আকারের ফলন মিলেছে।

উৎপাদিত আলু পরীক্ষাগারে বিশ্লেষণ করা হলেও গবেষকেরা এখনো স্বাদ নেননি। গোয়ে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা এখনো এগুলো চেখে দেখিনি।’

পরবর্তী ধাপে কৃত্রিম রেগোলিথে ১০ জাতের আলু নিয়ে পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য সবচেয়ে পুষ্টিকর ও সহনশীল জাত খুঁজে বের করা।

নাসার আর্টেমিস কর্মসূচির অন্যতম লক্ষ্য চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়টি বলছে, নভোচারীরা পৃথিবী থেকে অল্প জৈব পদার্থ নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য থেকে আরও জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে পৃথিবী থেকে চাষের উপকরণ পাঠানোর প্রয়োজন কমবে।

আরও পড়ুন