যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সঙ্গে কাজ করা সহজ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সঙ্গে কাজ করা সহজ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চীন কখনো আপত্তি জানায়নি। তবে তাঁর সরকার চীন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকেই ঝুঁকছে না।
সম্প্রতি চীনের শেনজেনে সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এ সাক্ষাৎকার দেন।
আনোয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার প্রযুক্তি খাতের বিভিন্ন চুক্তি বা সমঝোতার ক্ষেত্রেও চীন কখনো বাধা দেয়নি। বেইজিং এ নিয়ে কোনো উদ্বেগও প্রকাশ করেনি।
এদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি খাতের বিরোধ বাড়ছে। এর প্রভাব পড়েছে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহে বিধিনিষেধ আরোপ করে। ওয়াশিংটনের আশঙ্কা, এসব চিপ ওই দেশগুলোতে থাকা চীনা ডেটা সেন্টারে ব্যবহার করা হতে পারে।
দুই পরাশক্তির প্রতিযোগিতার মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে মালয়েশিয়া। প্রযুক্তি খাতের বিধিনিষেধের কারণে দেশটির জন্য এ ভারসাম্য রক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
