চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। এ লক্ষ্যে শেনঝৌ-২৪ মহাকাশযানের নভোচারী দলের নাম ঘোষণা করেছে চীন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘোষিত এ দলের সদস্যরা চলতি সপ্তাহেই মহাকাশযাত্রা শুরু করবেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) শেনঝৌ-২৪ মিশনের তিন নভোচারীর নাম ঘোষণা করেছে। তাঁরা হলেন পাকিস্তানের ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী এবং চীনের তাং হংবো (৫১) ও উ ই (৩৯)। বুধবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানি নভোচারী এ মিশনে স্বল্পমেয়াদি অভিযানে অংশ নেবেন। তিনি পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশে অবস্থানকালে চীন ও পাকিস্তানের যৌথ সহযোগিতায় পরিচালিত গবেষণার দেখভালের পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমেও অংশ নেবেন তিনি।
মিশনে জীবপ্রযুক্তি ও উপকরণবিজ্ঞানের চারটি বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে কাজ করবেন জিশান। এ ছাড়া মহাকাশে সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে একটি পরীক্ষাও পরিচালনা করবেন তিনি।
স্বল্পমেয়াদি মিশন শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন জিশান বলে জানিয়েছে সিসিটিভি।
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই অভিযান হবে চীনা ও বিদেশি নভোচারীদের অংশগ্রহণে প্রথম যৌথ মহাকাশযাত্রা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এ মিশন পরিচালিত হচ্ছে।
এদিকে, চীনা দুই নভোচারী তাং হংবো ও উ ই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন। তবে তাং হংবো এর আগে দুটি মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। এবার তিনি তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়ার মাধ্যমে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। সিসিটিভির তথ্য অনুযায়ী, তিনিই হবেন প্রথম নভোচারী, যিনি তিনবার এ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন।
২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো মানুষকে চাঁদে অবতরণ করানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দেশটির প্রধান মহাকাশ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে অবতরণ করানো।
সূত্র: এপি, বেইজিং