আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।
এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষ হলে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত স্বজনদের ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়েছে।
দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য না ছড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শও দেওয়া হয়েছে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন।
ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
তথ্যসূত্র: দ্য ডন।