মক্কা চুক্তিতে যোগ দিতে পারে ইন্দোনেশিয়া, সামনে যেসব হিসাব
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি ‘মক্কা চুক্তি’তে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ইন্দোনেশিয়া। তুর্কি কর্মকর্তাদের বক্তব্য এবং সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো জাকার্তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আগ্রহের কথা নিশ্চিত করা হয়নি।
এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত নতুন সদস্য অন্তর্ভুক্ত করার চেয়ে বিদ্যমান চুক্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাহলে ইন্দোনেশিয়া কেন এমন একটি নিরাপত্তা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে? এর পেছনে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রযুক্তিতে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের মতো কয়েকটি বিষয় রয়েছে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে আগ্রহী। এ ক্ষেত্রে তুরস্ক দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ২০২৫ সালে ইন্দোনেশিয়া তুরস্কের কাছ থেকে ৪৮টি কান (কেএএএন) যুদ্ধবিমান কেনার চুক্তি করে। এতে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার ‘বদর প্রকল্প’ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রকল্পটির লক্ষ্য প্রতিরক্ষা গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনে সহযোগিতা জোরদার করা।
২০২৬ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত মক্কা চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্যরাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
ইন্দোনেশিয়ার জন্য এ ধরনের চুক্তিতে যুক্ত হওয়া নিয়মিত নিরাপত্তা সংলাপ, রাজনৈতিক যোগাযোগ এবং প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতার পরিসরও বাড়তে পারে।
ভৌগোলিক দূরত্ব থাকলেও মক্কা চুক্তিতে ইন্দোনেশিয়ার সম্ভাব্য আগ্রহকে দেশটির বৃহত্তর কৌশলগত অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মতো ইন্দোনেশিয়া একই ধরনের নিরাপত্তা হুমকির মুখে না থাকলেও অভিন্ন স্বার্থ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা থেকে এ ধরনের সহযোগিতায় আগ্রহী হতে পারে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়ার জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আগ্রহও দেশটির রয়েছে। এসব বিষয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
তবে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে। কোনো সদস্যদেশ নিজ অঞ্চলের বাইরে সংঘাতে জড়িয়ে পড়লে ইন্দোনেশিয়াকে কি তার প্রতিরক্ষায় অংশ নিতে হবে? অন্য সদস্যদের সিদ্ধান্ত কীভাবে সংকটের সময় জাকার্তার ভূমিকা নির্ধারণ করবে? সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হলে এসব প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা জরুরি।
বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত ঐক্যের প্রতীকী গুরুত্বের পাশাপাশি বাস্তব সামরিক দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো ‘স্বাধীন ও সক্রিয়’ নীতি। এর মূল লক্ষ্য স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং বড় শক্তিগুলোর সামরিক বলয়ে জড়িয়ে না পড়া। প্রেসিডেন্ট প্রাবোও বারবার এ অবস্থানের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ইন্দোনেশিয়া কোনো সামরিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয় এবং বিশ্বের সব প্রধান শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
বদর প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো দেশটির এই পররাষ্ট্রনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক নয়। বরং ইন্দোনেশিয়ার বর্তমান কৌশলকে ‘মাল্টি-অ্যালাইনমেন্ট’ বা বহুমুখী কৌশলগত অংশীদারত্বের নীতি হিসেবে দেখা যেতে পারে। এ কৌশলের মাধ্যমে দেশটি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়।
সূত্র: মিডল ইস্ট মনিটর।