শীতে ইউরোপে গ্যাস সংকটের আশঙ্কা, বাড়তে পারে জ্বালানি বিল
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
আগামী কয়েক সপ্তাহে শৈত্যপ্রবাহের পূর্বাভাসে শীত মৌসুমে ইউরোপে গ্যাসের সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে জ্বালানির দাম আরও বাড়তে পারে। বিশেষ করে ইউরোপের পরিবারগুলোর জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ইউরোপে গ্যাসের দাম এক লাফে বেড়েছে। আগামী চার সপ্তাহের জন্য ইউরোপীয় গ্যাসের দামের মানদণ্ড হিসেবে বিবেচিত ডাচ মান্থ-অ্যাহেড কন্ট্রাক্টের দাম সর্বোচ্চ ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৯৬ দশমিক শূন্য ৮ ইউরোতে পৌঁছায়। পরে দাম ৪ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৫০ ইউরোতে স্থির হয়। উত্তর-পশ্চিম ইউরোপের বড় একটি অংশ যখন শীতের তীব্রতা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, তখনই গ্যাসের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধি ঘটল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার থেকে গ্যাস রপ্তানি কমে যাওয়ায় ইউরোপের সরবরাহ পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় শীতাতপ নিয়ন্ত্রণ ও শীতলীকরণ ব্যবস্থা চালু রাখতে গ্রীষ্মে গ্যাসের ব্যবহার বেড়ে যায়। এতে সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে ইউরোপের গ্যাস মজুদের পরিমাণ স্বাভাবিক মৌসুমি গড়ের তুলনায় অনেক নিচে নেমে এসেছে। সাধারণত এ সময়ে গ্যাসের মজুদ প্রায় ৮০ শতাংশ পূর্ণ থাকার কথা থাকলেও বর্তমানে তা প্রায় ৬৯ শতাংশে রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের জ্বালানি ব্যবস্থা পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়েছে, শীতের সবচেয়ে ঠান্ডা মাসগুলোতে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ দেশটিতে থাকবে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি বাজারমূল্য দিয়ে গ্যাস আমদানি নিশ্চিত করার বিষয়টি এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। তবে এর ফলে ব্রিটিশ পরিবারগুলোকে এ শীতে ইউরোপের সর্বোচ্চ জ্বালানি বিলগুলোর কয়েকটি পরিশোধ করতে হতে পারে।
চলতি সপ্তাহেই যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিক মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। এতে গ্যাস ও বিদ্যুৎ—উভয় সংযোগ থাকা একটি গড় পরিবারের বার্ষিক জ্বালানি বিলে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড যোগ হতে পারে।
দাতব্য সংস্থা সিটিজেনস অ্যাডভাইস জানিয়েছে, জ্বালানি ব্যয় সামাল দিতে জরুরি সহায়তা চাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সংস্থাটির প্রধান নির্বাহী ক্লেয়ার মরিয়ার্টি বলেছেন, বছরের পর বছর ধরে চলা সংকটে অনেক পরিবারের বাজেট পুরোপুরি ভেঙে পড়েছে। লাখ লাখ পরিবার কোনো সঞ্চয় বা আর্থিক সামর্থ্য ছাড়াই বছরের সবচেয়ে শীতল মাসগুলোতে প্রবেশ করছে।
গত মাসে চ্যান্সেলর জন হিলি তাঁর প্রথম বাজেটে জ্বালানি বিলে সহায়তা দিতে কাউন্সিল ট্যাক্স ব্যান্ড এ থেকে ডি-এর আওতাভুক্ত দুই কোটি পরিবারকে ১০০ পাউন্ড করে দেওয়ার ঘোষণা দেন। তবে মরিয়ার্টির মতে, বাড়তি এই সহায়তা স্বাগত জানানোর মতো হলেও যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের জন্য তা যথেষ্ট হবে না।
তিনি আরও বলেন, অনেক পরিবার দ্রুত এই অর্থ খরচ করে ফেলবে। ফলে শীতের তীব্রতা বাড়ার সময় তারা আরও গভীর ঋণের ঝুঁকিতে পড়বে অথবা প্রিপেইড মিটার রিচার্জ করতে অক্ষম হবে। ঠান্ডা আবহাওয়া পুরোপুরি জেঁকে বসার আগেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মরিয়ার্টি বলেন, ওয়ার্ম হোম ডিসকাউন্টের আওতায় লক্ষ্যভিত্তিক বাড়তি সহায়তা এবং প্রিপেইড গ্রাহকদের জন্য জরুরি সহায়তা ক্রেডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহায়তা এই শীতে পরিবারগুলোকে ঠান্ডা ও অন্ধকারে দিন কাটানো থেকে রক্ষা করতে পারে।
অন্যদিকে ব্রিটিশ গ্যাসের মালিকানা প্রতিষ্ঠান সেন্ট্রিকার প্রধান নির্বাহী ক্রিস ও’শিও জ্বালানি বিল বাড়ার পূর্বাভাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন বছরে জ্বালানি বিল পরিশোধে অক্ষম কিংবা অনিচ্ছুক মানুষের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস ও’শিও বলেন, যুক্তরাজ্যে জ্বালানি বিল পরিশোধ না করার বিষয়টি বড় সমস্যায় পরিণত হয়েছে। একদিকে অনেক মানুষের বিল পরিশোধের সামর্থ্য নেই, অন্যদিকে ক্রমবর্ধমানসংখ্যক মানুষ নিজেরাই বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।