ইমরান খানের উচ্চ রক্তচাপ নিয়ে উদ্বেগ, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। তিনি সতর্ক করে বলেছেন, হৃদযন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের স্থায়ী ক্ষতি এড়াতে আগামী কয়েক দিনের মধ্যেই ইমরানকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাঁর দাবি, বর্তমানে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপে ভুগছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। গত সোমবার দেশটির শীর্ষ বিচারকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, জরুরি চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগার থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। ইমরানের ৩০ বছরেরও বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ডা. সুলতান বলেন, কোনো রোগীর রক্তচাপ এত বেশি হলে তিনি তাঁকে আজ অথবা আগামীকালের মধ্যেই অভিজ্ঞ কিডনি কিংবা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। তাঁর মতে, কয়েক দিনের মধ্যেই ইমরানের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তিনি বলেন, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনি ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় হৃদযন্ত্রকে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। এতে হৃদপেশি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়ার পাশাপাশি চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও জানান।
ইমরানের দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাঁকে একা থাকতে হয়। ওই দিনই তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে একটিতে তাঁদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ডা. ফয়সাল সুলতান করোনাভাইরাস মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইমরানের প্রতিষ্ঠিত শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।