লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহত বেশ কয়েকজন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। হামলায় বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার (২২ নভেম্বর) ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলার ঘটনা ঘটে। একটি নৌঘাঁটির কাছাকাছি জাহাজটি নোঙর করা ছিল।
বন্দর সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিভিন্ন সূত্র জানিয়েছে, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ।
রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে। কেবল সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজটির ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ছাড়া জেটির চারপাশে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ।
এর আগে বেনগাজিভিত্তিক সরকার জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের মধ্যে একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য সেখানে নোঙর করেছিল।
রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
তবে এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানায়, বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানায়, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমানবাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
আন্তর্জাতিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা
বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথভাবে হামলার ঘটনা তদন্ত শুরু করেছে তারা। হামলার পরিস্থিতি, উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি নিরাপদ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন এই হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানানো হয়েছে।
এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যায়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ডিসেম্বরে ইউক্রেনও জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে আকাশপথে ড্রোন হামলা চালিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আব্দুলরাজাক আলজাজিরাকে বলেছেন, লিবিয়ার বন্দরে চালানো এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকার সম্ভাবনা বেশি।
তিনি বলেন, গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তির কথা উঠে এসেছিল। ওই চুক্তির আওতায় লিবিয়ায় ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার কথা ছিল। এর বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের সামরিক দক্ষতা ও সহায়তা পাওয়ার কথা ছিল।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। ওই বছরের শেষ দিকে তিনি নিহত হন। এরপর থেকেই লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে রয়েছে।
বর্তমানে রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত একটি সরকার রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের বেনগাজিতে রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
আব্দুলরাজাকের মতে, লিবিয়ায় এই হামলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবেরই সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করে আসছেন।
পূর্বাঞ্চলভিত্তিক লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তার সরকার।
এক বিবৃতিতে হাম্মাদ বলেন, সন্দেহ করা হচ্ছে, পশ্চিম লিবিয়া থেকে ড্রোনগুলো পাঠানো হয়েছিল। সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত।
তেলসমৃদ্ধ লিবিয়া দীর্ঘদিন ধরেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কেন্দ্রবিন্দু।
সূত্র: আলজাজিরা
