এআই খাত নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে কমল তেলের দাম
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর জেরে শেয়ারবাজারে দরপতনের পাশাপাশি কমেছে জ্বালানি তেলের দাম। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর।
সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারগুলোতেও দরপতন দেখা গেছে। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের সূচক কমেছে ৪ শতাংশ। একই চিত্র দেখা গেছে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমেছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।
এর আগের সপ্তাহেও তেলের বাজারে বড় ধরনের দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।
তবে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় তেলের বাজারে বড় ধরনের দরপতন সীমিত রয়েছে। যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় জ্বালানি তেলের সরবরাহ নিয়েও উদ্বেগ কাটেনি।
তথ্যসূত্র: রয়টার্স
