EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুদ্ধ চালাতে হুতিরা টাকা পায় যেভাবে

কর, শুল্ক, তেলবাণিজ্য, হাওয়ালা ও জনগণের অনুদানের মাধ্যমে বছরের পর বছর যুদ্ধের ব্যয় মেটাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

যুদ্ধ চালাতে হুতিরা টাকা পায় যেভাবে

ইয়েমেনের হুতি যোদ্ধারা; যুদ্ধের অর্থ জোগাচ্ছে বিস্তৃত আর্থিক নেটওয়ার্ক।

অ অ

ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যেও কর, শুল্ক, তেলবাণিজ্য, হাওয়ালা ও জনগণের অনুদানের মাধ্যমে বিপুল অর্থ জোগাড় করছে হুতি বিদ্রোহীরা। আল-জাজিরার প্রতিবেদন ও বিভিন্ন গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছর এ অর্থ দিয়েই যুদ্ধের ব্যয় মেটানো, নতুন যোদ্ধা নিয়োগ এবং নিয়ন্ত্রণাধীন এলাকায় কর্তৃত্ব ধরে রাখছে গোষ্ঠীটি।

এ বছরের মার্চে লোহিত সাগর উপকূলের যুদ্ধে যোগ দেন ১৯ বছর বয়সী হুতি যোদ্ধা মোহাম্মদ (পুরো নাম প্রকাশ করা হয়নি)। আল-জাজিরাকে তিনি বলেন, রণক্ষেত্রে কমান্ডারেরা সরঞ্জাম ও রসদ নিশ্চিত করেন। আহত বা অসুস্থ হলে চিকিৎসারও ব্যবস্থা হয়।

ইয়েমেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের আর্থিক ব্যবস্থায় বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের সম্পদ ও ব্যয় পরিচালিত হয়। এর মধ্যে কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি, অতিরিক্ত ফি থেকে ৬০ কোটি, অনুদান থেকে ৩০ কোটি এবং যোদ্ধা সংগ্রহের কর্মসূচি থেকে প্রায় ১০ কোটি ডলার আসে। সংস্থাটির মে মাসের গবেষণাপত্র বলছে, আদায় করা রাজস্বের প্রায় ৬০ শতাংশ নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় হয়।

তেলও বড় আয়ের উৎস। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, 'অবৈধ' তেলবাণিজ্য থেকে বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে হুতিরা। জানুয়ারিতে মন্ত্রণালয় জানায়, ইরান দুবাইভিত্তিক সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে প্রতি মাসে বিনা মূল্যে তেল দেয়, যা বিক্রি করে অর্থ সংগ্রহ করে গোষ্ঠীটি। তবে হিসাবগুলো ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের, তাই যোগ করে মোট আয় নির্ধারণ কঠিন।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও হাওয়ালার মাধ্যমে শত শত কোটি ডলারের লেনদেন করে। বিশেষজ্ঞ অ্যাডাম রাসেল বলেন, ইয়েমেনে মুদ্রাসংকট থাকলেও হুতিরা আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে অস্ত্র কিনছে।

জনগণের কাছ থেকেও অর্থ তোলা হয়। সানার বাসিন্দা আলী নাজি আল-জাজিরাকে বলেন, বার্তা পাঠিয়ে, খাম বিতরণ করে ও সমাবেশে কাপড় বিছিয়ে অনুদান নেওয়া হয়। তাঁর ভাষ্য, ছোট ছোট অনুদান জমে লাখ লাখ ডলার হয়। কেউ কেউ রাইফেল বা জাম্বিয়া ছুরিও দান করেন।

সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ইয়াজিদ আল-জেদ্দাউইয়ের মতে, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া ও সরকারি কর্মীদের বেতন বকেয়া থাকায় অনেক তরুণের কাছে হুতি বাহিনীতে যোগ দেওয়া আয়ের হাতে গোনা সুযোগের একটি। জাতিসংঘের ২০২৪ সালের এক হিসাবে হুতি যোদ্ধা প্রায় ৩ লাখ ৫০ হাজার। কখনো ১৮ বছরের কম বয়সীদেরও নেওয়া হয়েছে।

এর মূল্য দিচ্ছে বেসামরিক মানুষ। তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গালফ স্টাডিজের ওয়াফিক সালেহ জানান, ২০১৬ সাল থেকে প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী নিয়মিত বেতন পান না। জাতিসংঘের তথ্যে, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। প্রায় ২ কোটি ২৩ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

আরও পড়ুন