EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠন করতে চান বেনেট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠন করতে চান বেনেট
অ অ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবেন না।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে বেনেট এ অবস্থান জানান। এর আগে গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠকের পর আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

এদিকে ঐক্য সরকার গঠনের লক্ষ্যে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে আলোচনা শুরুর কথা রয়েছে। তবে আলোচনায় বসার আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বন্ধ, ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগসহ কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ।


ঐক্য সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। কেউ কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে, আবার কেউ আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিরোধী নেতারা নেতানিয়াহুকে ক্ষমতায় রাখবে—এমন কোনো সরকারে যোগ না দেওয়ার বিষয়ে একমত।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। বাকি ১৩টি আসন কট্টরপন্থি ইহুদি দলগুলোর। এসব দলের সমর্থন পেলে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন