EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভূগর্ভস্থ মিসাইল সিটির ভিডিও প্রকাশ করল ইরান

তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

ভূগর্ভস্থ মিসাইল সিটির ভিডিও প্রকাশ করল ইরান

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গজুড়ে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র। রয়েছে ডাবল লঞ্চারসহ বিভিন্ন সামরিক প্রযুক্তিও।

প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা গেছে। তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন সময় ভিডিওটি প্রকাশ করা হলো, যখন ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানান, ভিডিওটি প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে চাইছে আইআরজিসি। বাহিনীটির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো সংকট নেই। নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও তাদের রয়েছে।

আতাসের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর পেছনে আরও উদ্দেশ্য রয়েছে। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষকে নিজেদের প্রতিরোধক্ষমতা সম্পর্কে সতর্ক করতে চাইছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে হামলা চালায় ইরান। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করে তেহরান। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কাতার ও তুরস্ক। এই যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

আরও পড়ুন