বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম
ছবি: সংগৃহীত
বাহরাইনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার রাতে এবং বাংলাদেশ সময় রবিবার রাত প্রায় ৩টার দিকে এ হামলা চালানো হয়। ইরানের দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।
তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে আগুন ধরে গেছে। যদিও অবকাঠামোটির অবস্থান ও ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাহরাইনের কয়েকজন বাসিন্দা সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন। দ্বীপটি দেশটির পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে একাধিক বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল পরিশোধনাগারও রয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানোসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।
সূত্র: এএফপি ও ফার্স নিউজ