EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জাপানের তেল মজুত পুনর্গঠনে সৌদি আরবের সঙ্গে চুক্তি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম

জাপানের তেল মজুত পুনর্গঠনে সৌদি আরবের সঙ্গে চুক্তি

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কমে যাওয়া জ্বালানি তেলের মজুত পুনর্গঠনে সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে জাপান। একই সঙ্গে এশিয়ার দেশটিতে নিজেদের তেল সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে সৌদি আরব। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার মধ্যে দুই দেশের এ উদ্যোগকে জ্বালানি নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত যৌথ বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে জাপান তার জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভের জন্য সৌদি আরব থেকে সর্বোচ্চ ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনবে। অন্যদিকে, জাপানে নিজেদের তেল সংরক্ষণের জন্য সৌদি আরবকে সাময়িকভাবে ১ কোটি ৬০ লাখ ব্যারেল ধারণক্ষমতার মজুত সুবিধা দেওয়া হবে। এর ফলে দেশটিতে সৌদি আরবের বিদ্যমান ৮০ লাখ ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা দ্বিগুণ হবে। চুক্তি অনুযায়ী, সৌদি আরব ইতিমধ্যে এসব স্থাপনায় তেল পুনরায় মজুত করা শুরু করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিপর্যয় সৃষ্টি হওয়ার পর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় উৎপাদক ও ভোক্তা দেশগুলো নানা পদক্ষেপ নিচ্ছে। সৌদি আরব ও জাপানের এ চুক্তি তারই সর্বশেষ উদাহরণ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের শুরুর দিকে ইরানের হামলায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই সময় বিভিন্ন ভোক্তা দেশের অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব মজুতের কারণে গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুমে উড়োজাহাজের জ্বালানিসহ বিভিন্ন পণ্যের সরবরাহ সচল রাখা সম্ভব হয়। একই সঙ্গে তেলের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতিও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়।

গত মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে জাতীয় মজুত থেকে তেল ছাড়ে জাপান। ওই উদ্যোগে আইইএর সদস্যদেশগুলো জরুরি মজুত থেকে সম্মিলিতভাবে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছিল।

যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসি আকাজাওয়ার মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। বৈঠকে তাঁরা দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বিশ্ববাজারে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২০ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে নেমেছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর বিশ্ববাজারে তেলের বড় ধরনের উদ্বৃত্ত তৈরি হতে পারে, যা দাম আরও কমিয়ে দিতে পারে।

তবে হরমুজ প্রণালি সংকটের সময় জরুরি মজুত থেকে তেল ব্যবহার করা বড় আমদানিকারক দেশগুলো কীভাবে এবং কখন সেই মজুত পুনর্গঠন করবে, তা নিয়ে এখন আলোচনা চলছে। সৌদি আরব ও জাপানের চুক্তিকে এ ক্ষেত্রে ভোক্তা দেশগুলোর নতুন করে তেল মজুতের প্রস্তুতির অন্যতম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অব্যাহত ঝুঁকির মুখে নিজেদের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করতে চাইছে পারস্য উপসাগরীয় অঞ্চলের বড় তেল রপ্তানিকারক দেশগুলো। এর অংশ হিসেবে সৌদি আরব বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কৌশলগত তেল সংরক্ষণ সুবিধা ব্যবহারের বিষয়ে আলোচনা করছে। এসব সুবিধার মাধ্যমে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো বিদেশে নিজেদের তেল মজুত রাখতে পারবে।

গত মাসে সিঙ্গাপুরের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী, আগামী বছরের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরের ভূগর্ভস্থ গুহায় সৌদি তেল সংরক্ষণ করা হবে।

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল জাবের চলতি মাসের শুরুতে বলেন, বিশ্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত তেল সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, পরিশোধিত জ্বালানির বড় মজুত গড়ে তোলা এবং ভোক্তা বাজারের কাছাকাছি নমনীয় পরিশোধন সক্ষমতা তৈরি করা প্রয়োজন। তাঁর প্রতিষ্ঠান ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও ভারতের সঙ্গে কৌশলগত জ্বালানি মজুত নিয়ে সহযোগিতা চুক্তি করেছে।

আরও পড়ুন