ট্রাম্পের ‘বড় জয়’ দাবির আড়ালে এগিয়ে চীন
বাণিজ্য, বিরল খনিজ ও চিপ নিয়ে সুনির্দিষ্ট অগ্রগতি নেই যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
শেনঝেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক। ছবি: রয়টার্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের বৈঠককে নিজের বিজয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, বছরে তিনটি শীর্ষ বৈঠক করেও ট্রাম্পের হাতে সুনির্দিষ্ট অর্জন সামান্য। বরং বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করেছেন শি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে হয় এ বৈঠক। সফরের শুরুতে শেনঝেন বিমানবন্দরে প্রটোকল ভেঙে ট্রাম্পকে স্বাগত জানান শি। ট্রাম্প সেই অভ্যর্থনাকে ‘বড় জয়’ বলেন। পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইতিহাসের প্রথম চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তিন নেতা।
বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে বৈশ্বিক রাজনীতিতে কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন শি। ওই বৈঠক থেকে শান্তির লক্ষ্যে একটি যৌথ ঘোষণা এলেও তা অত্যন্ত অস্পষ্ট বলে মনে করছেন তাঁরা।
ট্রাম্প জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, চীন আরও মার্কিন কৃষিপণ্য কিনুক, বিরল খনিজ রপ্তানির বিধিনিষেধ শিথিল করুক এবং ‘অন্যায়ভাবে আটক’ দুই মার্কিন নাগরিককে মুক্তি দিক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসবের কোনো উল্লেখ ছিল না। মন্ত্রণালয় শুধু জানায়, ‘কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক’ গড়তে কর্মপরিকল্পনায় একমত হয়েছে দুই পক্ষ, তবে বিস্তারিত বা সময়সীমা দেয়নি। প্রতিশ্রুত সয়াবিন কেনায় চীন এগোলেও অন্য কৃষিপণ্যে খুবই সামান্য ক্রয় করেছে। বিরল খনিজ সরবরাহ এখনো আগের স্তরের চেয়ে অনেক নিচে এবং দুই মার্কিন নাগরিকের কেউ মুক্তি পাননি। বিবৃতি অনুযায়ী, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক কাজটি’ করতে বলেছেন শি।
গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং বলেন, কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র আসলে কিছুই অর্জন করতে পারেনি, আর চীন বাড়তি কৌশলগত পরিসর পেয়েছে। তাইওয়ানের ন্যাশনাল সান ইয়াৎ-সেন ইউনিভার্সিটির অধ্যাপক কুও ইউ-জেনের মতে, সমস্যাগুলো দীর্ঘায়িত করা ও আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যই অর্জন করেছে চীন।
এ সময়ে চিপ নিয়ে কঠোর হচ্ছে ওয়াশিংটন। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চলতি মাসে পদত্যাগ করেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ ওঠে, এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এরপর চীনা কোম্পানির এআই চিপ কেনার আইনি ফাঁক বন্ধের চেষ্টা বেড়েছে। বৈঠকের দিনই এআই চিপে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করার একটি মার্কিন বিধি কার্যকর হয়। মার্কিন কংগ্রেসেও চীনবিরোধী তৎপরতা বাড়ছে।
বেইজিংভিত্তিক গ্লোবাল গভর্ন্যান্স ইনস্টিটিউটের শেন ওয়েইঝং বলেন, চীন ধাপে ধাপে প্রতিশ্রুতি পূরণ করবে, একসঙ্গে নয়। আগামী মাসে মিয়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও শি আবার বৈঠক করবেন। সেখানে ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।