EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পাকিস্তানের মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পাকিস্তানের মন্ত্রী

ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

অ অ

ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে গত বছরের প্রাণঘাতী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারত সফরে এলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে শুক্রবার (২০ নভেম্বর) ভারতে গিয়েছেন পাকিস্তানের মন্ত্রী মুসাদিক। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, ভারতীয় রাজধানীতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) একটি সাংস্কৃতিক বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন তিনি।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু ছিল মুসলিম-অধ্যুষিত কাশ্মীর অঞ্চল। উভয় দেশই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে।

২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির যোগদানের পর এটিই কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম ভারত সফর। এছাড়া, ২০২৪ সালে ইসলামাবাদে এই জোটের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের যোগদানের দুই বছর পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

১০ সদস্যবিশিষ্ট এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। চার দিনব্যাপী এই বৈঠকের মূল লক্ষ্য হলো ‘অঞ্চলটির সমৃদ্ধ ও আন্তঃসংযুক্ত সভ্যতার ঐতিহ্য উদযাপন করা’ এবং ‘জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি করা’।

২০২৫ সালে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত ও পাকিস্তান চার দিনের এক সংঘাতে জড়িয়ে পড়েছিল। ওই হামলায় মদদ দেওয়ার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে—যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছিল। পরবর্তীতে তীব্র ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ওই সংঘাতে উভয় পক্ষের অন্তত ৭০ জন নিহত হন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হওয়ার মাত্র দুই দিন পর মুসাদিক মালিকের এই সফর শুরু হলো। জাতিসংঘ ঘোষিত এই সন্ত্রাসী গোষ্ঠীটির ঘাঁটি পাকিস্তানে অবস্থিত বলে ভারত দাবি করে আসছে।

দুই দেশের এই বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। যার জেরে চলতি বছর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান জাতীয় দল।

আরও পড়ুন