EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হোয়াইট হাউজের সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

হোয়াইট হাউজের সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস বরখাস্ত

হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস। ছবি: ওয়াশিংটন পোস্ট

অ অ

হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহ থেকে চলমান জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিগত বিপর্যয়ের পর জটিল সাইবার নিরাপত্তার মুহুর্তে তাকে পদ থেকে সরানো হলো। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন দ্য ওয়াশিংটন টাইমস।

২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করা কেয়ার্নক্রস প্রায় ১৫ মাস পর বিদায় নিচ্ছেন। গত এক সপ্তাহে বিমান চলাচল, ব্যাংকিং এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের পর প্রশাসন যখন ক্রমবর্ধমান জটিল সাইবার নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, ঠিক তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। 

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দ্য টাইমসের বরাত দিয়ে জানান, সাইবার-সংক্রান্ত শক্তিশালী যোগ্যতার অভাব থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প কেয়ার্নক্রসকে বরখাস্ত করার পক্ষে মত দিয়েছেন।

বর্তমানে প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চিফ ইনফরমেশন অফিসার) হিসেবে দায়িত্বরত ক্রিস্টেন ডেভিস ভারপ্রাপ্ত হিসেবে কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হবেন। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদ সামলানোর মতো প্রয়োজনীয় যোগ্যতা তার রয়েছে এবং তিনি ইতোমধ্যেই সিনেট কর্তৃক অনুমোদিত।

তিনি এই দলের অন্য সদস্যদের সঙ্গে যুক্ত হবেন, যাদের মধ্যে রয়েছেন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন)।

হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, ডেভিসের অন্তর্ভুক্তি প্রশাসনের সাইবার নিরাপত্তা দলকে ‘আরও শক্তিশালী করবে’। 

নিজের দায়িত্বে থাকাকালীন কেয়ার্নক্রস ‘অফিস অব দ্য ন্যাশনাল সাইবার ডিরেক্টর’ তদারকি করতেন, যা ফেডারেল সরকারের সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল পরিচালনা করে। তিনি ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ডায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তার মতবিরোধও তৈরি হয়েছিল।

কেয়ার্নক্রসের বিদায়ের খবরটি প্রথম প্রকাশ করা সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্যমতে, তিনি মনে করতেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তার দলের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন। অন্যদিকে, বেসেন্টের দলের অভিযোগ ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতে কেয়ার্নক্রস যথেষ্ট তৎপর ছিলেন না।

হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা দল থেকে কেয়ার্নক্রস হলেন পদে থাকা দ্বিতীয় বড় কোনো ব্যক্তির বিদায়। এর আগে গত জুনে নীতিমালা প্রধান টমাস লিন্ড পদত্যাগ করেন, যার ফলে হোয়াইট হাউসে এআই বিশেষজ্ঞ কর্মকর্তার সংখ্যা কমে যায়। 

লিন্ড গত মাসে ওপেনএআই এর জাতীয় নিরাপত্তা নীতি দলের সাইবার ও কৌশলগত ঝুঁকি বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

কেয়ার্নক্রস এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদ কমিটির চিফ অব স্টাফ হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেছিলেন এবং এরপর ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের নেতৃত্ব দেন।

এছাড়া তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ২০১৮ সাল পর্যন্ত সাবেক আরএনসি চেয়ারম্যান রেইন্স প্রিবাসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 

২০২৫ সালের আগস্টে সিনেটে ৫৯-৩৫ দ্বিদলীয় ভোটে কেয়ার্নক্রসের নিয়োগ অনুমোদিত হয়েছিল।

পেশায় আইনজীবী ও দীর্ঘদিনের রিপাবলিকান এই কৌশলী পদটিতে ব্যাপক রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন, যদিও অন্যান্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তুলনায় তার কারিগরি দক্ষতা কম ছিল বলে সংশ্লিষ্টদের অভিমত।

আরও পড়ুন