EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ এএম

ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
অ অ

ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ফেডারেল বিচারকদের শূন্য পদ পূরণে তৎপর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন ট্রাম্পের মনোনীত এক বিচারকের নিয়োগ আটকে দিয়েছেন। তার আপত্তি, টেক্সাসের বিচারক পদে অঙ্গরাজ্যের বাইরের কাউকে নিয়োগ দেওয়া যাবে না।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প টেক্সাসের ফেডারেল বিচারক পদে টি. এলিয়ট গেইজারকে মনোনয়ন দিয়েছিলেন। তিনি বর্তমানে বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান। তবে তার বাড়ি ওহাইও অঙ্গরাজ্যে।

বুধবার কর্নিন জানান, গেইজারের মনোনয়ন বিবেচনার জন্য তিনি সিনেটের জুডিশিয়ারি কমিটিতে ‘ব্লু স্লিপ’ জমা দেননি। এর মাধ্যমে নিজ অঙ্গরাজ্যের বিচারক নিয়োগে আপত্তি জানানোর প্রচলিত প্রথা ব্যবহার করে মনোনয়নটি আটকে দেন তিনি।

কর্নিনের অভিযোগ, গেইজারের বিচারিক অভিজ্ঞতা নেই এবং তার যথাযথ যাচাই-বাছাইও হয়নি। তিনি বলেন, টেক্সাসের বাইরের কাউকে এ পদে নিয়োগ দেওয়া মেনে নেবেন না। এ জন্য হোয়াইট হাউসকে বিকল্প প্রার্থী হিসেবে বিচার বিভাগের সাবেক প্রসিকিউটর স্টিভ ফাহির নামও দিয়েছেন তিনি।

কর্নিনের আপত্তির কারণে বুধবার ট্রাম্পের মনোনীত শেষ দফার সাত বিচারকের নিয়োগ নিয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে অংশ নিতে পারেননি গেইজার। তিন ঘণ্টার শুনানিতে ডেমোক্র্যাট সিনেটররা মনোনীত ব্যক্তিদের ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা, ২০২০ সালের নির্বাচনের ফলাফল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বাধীনভাবে রায় দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন করেন।


শুনানি শেষে ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বিচারক নিয়োগে রিপাবলিকানদের তাড়াহুড়োর সমালোচনা করেন। জবাবে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেন, ২০২৪ সালের শেষ দিকে ডেমোক্র্যাটরাও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আগে দ্রুত ২২ জন ফেডারেল বিচারক নিয়োগ দিয়েছিলেন।

এদিকে গেইজার সম্প্রতি ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে কয়েকটি বিতর্কিত আইনি মতামত দিয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মাদক কার্টেল ও সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পক্ষে ট্রাম্প প্রশাসনের তৈরি একটি গোপন আইনি মতামতে তার ভূমিকা ছিল। পরে তিনি কংগ্রেসের কয়েকজন সদস্যকে জানান, প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব হামলা চালিয়ে যেতে পারে।

আরও পড়ুন