রিয়াদে হুথি হামলায় বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
সৌদি আরবের রিয়াদে পিআইএফ টাওয়ার। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রের পিআইএফ টাওয়ারে হুতিদের হামলায় ভবনটির কয়েক তলা এবং আশপাশের ভবনগুলোর অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে রিয়াদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে।
সিভিল ডিফেন্স বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জানিয়েছেন, এর আগে ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়। যেখানে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল ‘পিআইএফ’-এর কার্যালয় অবস্থিত। ক্রমবর্ধমান যুদ্ধের মধ্যে সৌদি আরবে এটি গোষ্ঠীটির সর্বশেষ আঘাত।
রিয়াদের সর্বোচ্চ ভবনটি অবস্থিত এমন ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ (কেএএফডি)-এ চলতি মাসে এটি দ্বিতীয় হামলা। এর আগে গত ৮ নভেম্বর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলায় সৌদি তেল জায়ান্ট আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর ওই এলাকার সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং ভেতর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি উপস্থিত ছিল।
হুতিরা রিয়াদের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সেটিকে আকাশেই প্রতিহত (ইন্টারসেপ্ট) করা হয়, যার ফলে সৌদি রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।
রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হামলার ঘটনার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি নিজ ভূখণ্ডের ওপর কোনো ধরনের হামলা ‘বরদাস্ত করবে না’।
মন্ত্রণালয়টি হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘‘রাজধানী রিয়াদের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।’’
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-তে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকের খবর প্রকাশের পরপরই এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসপিএ জানায়, বৈঠকে তাঁরা সামরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় কৌশলগত এলাকাগুলো দখল করার পর থেকে সৌদি আরব ও গোষ্ঠীটির মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।
এর মাধ্যমে তারা বাব আল-মান্দেব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে, যা হরমুজ প্রণালীর বিপরীত পাশে আরব উপদ্বীপের উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ।