EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব

ছবি: সংগৃহীত

অ অ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৬টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘদিন ধরে এ সংকট চলতে থাকায় বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানা সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তার আশা, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ থাকায় যুক্তরাষ্ট্র এতে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন