EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির হামলা, হরমুজে তিন তেলবাহী জাহাজে আগুন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

ইয়েমেনে সৌদির হামলা, হরমুজে তিন তেলবাহী জাহাজে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। ওমানের উপকূলের কাছে আরেকটি ট্যাংকারে আঘাত হেনেছে অজ্ঞাত বস্তু।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সাদা প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করেছে। জোটের দাবি, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলার চেষ্টা করতে হুতিরা ওই ব্যবস্থা ব্যবহার করেছিল।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জোট। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ওমানের খাসাব শহরের উত্তরে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। বস্তুটি কোন দিক থেকে এসেছে, তা জানা যায়নি। 

এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাতের পর তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। জাহাজগুলো ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। তাদের নৌ-চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ ছিল। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জবাবে ইরানি বাহিনী ওই অঞ্চলের দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন