ত্রিপক্ষীয় বৈঠকের আগে এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রিপক্ষীয় বৈঠকের আগে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। চীনের শেনজেনে একটি জমকালো নৈশভোজের আগে তিন নেতাকে লালগালিচায় এক ফ্রেমে দেখা যায়।
বুধবার (১৮ নভেম্বর) রাশিয়ার ক্রেমলিন পুল টিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় শি জিনপিং ও তাঁর স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। এবার তাঁদের করমর্দন করতে এবং একে অপরের কাঁধে হাত রাখতে দেখা যায়।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে শেনজেনের বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে স্বাগত জানানোর ঘটনা চীনে বিরল বলে জানিয়েছেন সংবাদদাতারা।
এর আগে পুতিনকে চীনে স্বাগত জানিয়ে শি তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরকে দেশটির কিছু স্থানীয় সংবাদমাধ্যম ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে তুলে ধরছে বলে জানিয়েছেন বিবিসির রাশিয়া সম্পাদক।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন।
এদিকে, ফিলিপাইন সফর শেষে চীনে গেছেন ট্রাম্প। ফিলিপাইনে আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁকে দেখা যায়।
সূত্র: বিবিসি
