EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, কারণ কী?

এআই যুগে ‘মানুষ’ ভাবনাই ২০২৬-এর বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’। ছবি: রয়টার্স

অ অ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে চলমান বিতর্কের মধ্যে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ (মানুষ) বেছে নিয়েছে কেমব্রিজ ডিকশনারি। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে অভিধান কর্তৃপক্ষ জানায়, এআইয়ের দ্রুত অগ্রগতিতে মানুষ ও যন্ত্রের পার্থক্য ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। তাই ‘মানুষ হওয়া’ বলতে আসলে কী বোঝায়, সেই প্রশ্ন এখন সামনে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।

শব্দটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ নিয়ে বিতর্ক হয়েছে। এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি।

এআই দিয়ে তৈরি ডিপফেক প্রযুক্তির কথাও তুলে ধরা হয়েছে। এ প্রযুক্তিতে বাস্তব মানুষের মতো দেখতে ভুয়া ছবি ও ভিডিও বানানো সম্ভব হচ্ছে। এর বিরুদ্ধে ম্যাথু ম্যাকনাহে ও টেইলর সুইফটের মতো তারকারা পদক্ষেপ নিয়েছেন। তাঁরা নিজেদের ছবি ও কণ্ঠস্বরের অডিও ক্লিপের স্বত্ব ট্রেডমার্কের মাধ্যমে সুরক্ষিত করেছেন।

বিবৃতিতে এআই প্রযুক্তির পথিকৃৎ ও নোবেলজয়ী জেফ্রি হিন্টনের মতো চিন্তাবিদদের প্রকাশ্য বক্তব্যও উল্লেখ করা হয়েছে। হিন্টন বলেছিলেন, ‘আমরা একধরনের ‘‘ভিনগ্রহের প্রাণী’’ (এআই) তৈরি করছি। আমি স্বার্থপরের মতো হলেও এ দুটির মধ্যে মানুষকেই বেছে নেব।’ এই বক্তব্যে এআইয়ের মতো নতুন বুদ্ধিমান সত্তার উত্থান নিয়ে তাঁর উদ্বেগ এবং মানুষের অস্তিত্ব ও স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মনোভাব ফুটে উঠেছে।

কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক কলিন ম্যাকিনটোশ বলেন, ‘এআই মানুষ ও মানবিকতা নিয়ে আমাদের আলোচনার ধরন বদলে দিচ্ছে।’

তিনি জানান, প্রচলিতভাবে ‘হিউম্যান’ শব্দের সংজ্ঞায় মানুষকে দেবতা ও প্রাণী থেকে আলাদা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যন্ত্র থেকে মানুষকে আলাদা করার বিষয়টিও যুক্ত হয়েছে। এআইয়ের তৈরি কাজ থেকে মানুষের তৈরি কাজকে আলাদা করে বোঝাতে ‘হিউম্যান-মেড’ (মানুষের তৈরি)-এর মতো যৌগিক শব্দে ‘হিউম্যান’ ব্যবহার সম্প্রতি বেড়েছে।

ম্যাকিনটোশ বলেন, ‘মানুষ হওয়ার ধারণা নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিই এ সময়ের ভাবনাকে ধারণ করেছে।’

বর্ষসেরা শব্দের পাশাপাশি এ বছর অভিধানে যুক্ত হওয়া কয়েকটি নতুন শব্দ ও শব্দবন্ধের কথাও জানিয়েছে কেমব্রিজ ডিকশনারি:

এয়ার জেল: কোনো প্রাণী, বিশেষ করে কুকুর আক্রমণাত্মক বা অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাকে কিছু সময় মাটি থেকে শূন্যে তুলে রেখে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি।

অরা ফার্মিং: অন্যদের কাছে নিজেকে প্রশংসনীয়, আকর্ষণীয় ও আগ্রহজাগানিয়া ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তুলে ধরতে বিভিন্ন কাজ করা।

লুকসম্যাক্সিং: নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের কেউ কেউ এ ধরনের চর্চায় উৎসাহ দিয়ে থাকেন।

আরও পড়ুন