EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিরোধী নেতার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিরোধী নেতার
অ অ

আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ আদায়ের আইনি প্রক্রিয়া শুরু করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান। আদালতের পাওনা ২ হাজার শেকেল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা) আদায়ে গত সোমবার (১৬ নভেম্বর) এ পদক্ষেপ নেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াইর গোলান দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান। তিনি ইসরায়েলের একজন উদারপন্থি রাজনীতিক এবং নেতানিয়াহু সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের অন্যতম শরিক হিসেবে নির্বাচনে অংশ নেয় তাঁর দল।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, গোলানের পক্ষে এই আইনি প্রক্রিয়া শুরু করেছেন ইসরায়েলি আইনি সংস্থা ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর এবং ইয়াইরদেন শোচাত।

এর আগে গত ১১ অক্টোবর লড ডিস্ট্রিক্ট কোর্ট সারা নেতানিয়াহুকে মামলার আইনি খরচ বাবদ ২ হাজার শেকেল পরিশোধের নির্দেশ দেন। গোলানের দায়ের করা একটি মানহানি মামলা খারিজের আবেদন করেছিলেন সারা। তবে আদালত তাঁর সেই আবেদন প্রত্যাখ্যান করেন এবং আইনি খরচ পরিশোধের নির্দেশ দেন।

প্রতিবেদন অনুযায়ী, গোলানের আইনজীবীরা গত ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য সারা নেতানিয়াহুকে নোটিশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি অর্থ পরিশোধ করেননি। এরপরই অর্থ আদায়ে এনফোর্সমেন্ট প্রসিডিংস শুরু করা হয়।

গোলানের সঙ্গে সারা নেতানিয়াহুর বিরোধের সূত্রপাত ২০২৩ সালের অক্টোবর মাসে। ওই বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হামলার পর ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-এর একটি আলোচনা অনুষ্ঠানে আইডিএফের সাবেক কর্মকর্তা ইয়াইর গোলানের সঙ্গে হামাসের যোগসাজশ রয়েছে বলে ইঙ্গিত দেন সারা নেতানিয়াহু। অনুষ্ঠানে গোলানকে কটাক্ষ করে তিনি বলেন, একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে গোলান দাবি করছেন, ৭ অক্টোবর ভোর থেকেই তিনি লড়াইয়ে প্রস্তুত ছিলেন। অথচ অন্যরা, এমনকি প্রধানমন্ত্রীও, তখন কী ঘটছে তা জানতেন না।

সারার এই মন্তব্যকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সারা ৭ অক্টোবরের ঘটনাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। যারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করছেন। অন্যদিকে, যারা ইসরায়েলের নিরাপত্তা অবহেলা করেছিলেন, তাঁদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরছেন।

উল্লেখ্য, ইয়াইর গোলান ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ মেজর জেনারেল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

সর্বশেষ এই আইনি পদক্ষেপের বিষয়ে সারা নেতানিয়াহু বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইয়েদিওথ আহরোনোথ

আরও পড়ুন