EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের শীর্ষ কমান্ডার বদলাল সৌদি আরব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের শীর্ষ কমান্ডার বদলাল সৌদি আরব
অ অ

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফায়াদ আল-রুয়াইলি। আর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা করা হয়েছে।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সৌদি বাদশাহ ও রাষ্ট্রপ্রধান সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এ নিয়োগ দেন।

এ রদবদলের পর লোহিত সাগর উপকূলের অঞ্চলগুলো পুনরুদ্ধারে জোট বাহিনীর চলমান অভিযান থেকে পিছু হটার খবর পাওয়া গেছে। ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার গত রবিবার জানিয়েছিল, এডেন শহরের নিরাপত্তায় মনোযোগ দিতে জোট বাহিনী বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থান থেকে সরে যাচ্ছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তেল রপ্তানির জন্য বাব আল-মানদেব প্রণালি ব্যবহার করছে সৌদি আরব।

এই পিছু হটা সৌদি-সমর্থিত জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত সেপ্টেম্বরে হুথিদের এক অভিযানে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। পরে হুথিরা আরও অগ্রসর হয়ে তায়েজ শহর অবরুদ্ধ করে ফেলে।

পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করলেও মোখা শহরটি এখনও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি।

ইয়েমেনের সেনাবাহিনীর কর্মকর্তারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হতাহত করেছেন। এ ছাড়া মারিব, লাহিজ ও আল-জউফ এলাকায় হুথিদের সঙ্গে লড়াই চালিয়েছেন।

তবে বর্তমানে বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে সরে এডেনের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। কারণ, হুথিদের বর্তমান অবস্থান থেকে এডেনের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই পিছু হটার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই রদবদল অস্থায়ী রাজধানী এডেনকে সুরক্ষার ক্ষেত্রে গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর বীরত্বপূর্ণ অবস্থানেরই একটি সম্প্রসারণ।’

এদিকে সংঘাত অব্যাহত থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হুথি-সমর্থিত গণমাধ্যমগুলোর দাবি, রাজধানী সানায় জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীটি সানা দখল করে নেয়। এ ছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন