তাইওয়ানের প্রেসিডেন্টের সফর ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের বিরোধ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্টের বিদেশ সফরে বিমান চলাচলের অনুমতি বাতিলের ঘটনায় চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) হস্তক্ষেপ চেয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের বিরোধিতা করে চীনের অভিযোগ, তাইওয়ান ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ওয়াশিংটন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইসিএওর পরিচালনা পরিষদে জমা দেওয়া এক নথিতে যুক্তরাষ্ট্র মরিশাস ও সেশেলসের সিদ্ধান্তের সমালোচনা করেছে। গত এপ্রিলে দেশ দুটি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে বহনকারী বিমানের জন্য তাদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছিল।
যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপরের আকাশপথ পরিচালনার দায়িত্ব কোনো দেশের থাকলেও সেটির ওপর ওই দেশের সার্বভৌম অধিকার তৈরি হয় না। এ দায়িত্ব বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য নয়।
ওয়াশিংটন চায়, আইসিএও এ ঘটনায় উদ্বেগ জানাক এবং মরিশাস ও সেশেলসের কাছে লিখিত ব্যাখ্যা চাইতে সংস্থাটির মহাসচিবকে দায়িত্ব দিক। যুক্তরাষ্ট্রের মতে, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক আকাশপথকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক আকাশপথে চলাচলের স্বাধীনতার নীতি নিজেদের সুবিধামতো তুলে ধরছে। বেইজিংয়ের দাবি, বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তাইওয়ান ইস্যু ব্যবহার না করার আহ্বান জানিয়েছে দেশটি।
যে কারণে বিরোধ
গত এপ্রিলে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের আফ্রিকার দেশ এসওয়াতিনি সফরে যাওয়ার কথা ছিল। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকা ১২টি দেশের একটি এসওয়াতিনি। সফরের জন্য বিশেষ বিমানের অনুমতিও নেওয়া হয়েছিল।
তবে তাইওয়ানের সরকারের দাবি, মরিশাস, সেশেলস ও মাদাগাস্কার তাদের নিয়ন্ত্রিত আকাশপথ দিয়ে বিমান চলাচলের অনুমতি প্রত্যাহার করে নেয়। এতে লাইয়ের সফর স্থগিত করতে হয়। তাইওয়ানের প্রেসিডেন্টের অভিযোগ, চীন অর্থনৈতিক চাপ দিয়ে দেশগুলোকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
পরে মে মাসে এসওয়াতিনির রাজা তৃতীয় মসওয়াতির ব্যক্তিগত বিমানে দেশটিতে যান লাই। সেখানে পৌঁছানোর পর তার সফরের বিষয়টি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগে বিশেষভাবে মরিশাস ও সেশেলসের সিদ্ধান্তের কথা বলা হয়েছে।
আকাশসীমা নিয়ে বিরোধ
এ বিরোধের মূল বিষয় হলো কোনো দেশের সার্বভৌম আকাশসীমা এবং আন্তর্জাতিক বিমান চলাচল অঞ্চল বা ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (এফআইআর) পার্থক্য। কোনো দেশের ভূখণ্ড ও আঞ্চলিক জলসীমার ওপরের আকাশসীমায় ওই দেশের সার্বভৌম অধিকার থাকে। তবে আন্তর্জাতিক জলসীমার ওপরের এফআইআর কোনো দেশের সার্বভৌম ভূখণ্ড নয়। এ অঞ্চলে বিমান চলাচলের নিরাপত্তা ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার দায়িত্ব নির্দিষ্ট দেশকে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের দাবি, মরিশাস ও সেশেলস বিমান চলাচলের নিরাপত্তা বা কারিগরি কোনো কারণ ছাড়াই অনুমতি প্রত্যাহার করেছে। এ বিষয়ে রয়টার্স মরিশাস, সেশেলস ও তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও প্রতিবেদন প্রকাশের সময় কোনো জবাব পায়নি।
তাইওয়ান নিয়ে দীর্ঘদিনের বিরোধ
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপটির সরকার বেইজিংয়ের এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীনের বিরোধিতার কারণে তাইওয়ান জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সদস্য হতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হয় দেশটিকে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন দ্বীপটির গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। এ কারণে তাইওয়ানের আন্তর্জাতিক অবস্থান ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা শুধু তাইওয়ানের প্রেসিডেন্টের সফর বাধাগ্রস্ত হওয়ার বিষয় নয়; আন্তর্জাতিক আকাশপথ ব্যবস্থাপনা রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে পারে কি না, সেই প্রশ্নও সামনে এনেছে। এ বিষয়ে আইসিএওর সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান চলাচলের নীতিতে প্রভাব ফেলতে পারে।