ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম
ছবি: প্রতীকী
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। খবর আনাদোলুর।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ কম্পন অনুভব করার কথা জানান।
অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। কম্পন অনুভবের কথা জানিয়ে দেশটির বাসিন্দারা ৩৮০টিরও বেশি প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছে। এতে উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।
তবে শক্তিশালী এই ভূমিকম্পের পরও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড কিংবা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা। এ অঞ্চলে ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।