EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা!

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা!

ছবি: সংগৃহীত

অ অ

যুদ্ধ শেষ হওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ওই অঞ্চলে পৌঁছেছে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তারা বসে থাকবে না। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক শক্তিচালিত রণতরীটি রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে থেকেই সেখানে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ ও ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ অবস্থান করছে। ফলে ওই অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে।

পাঁচ হাজারের বেশি সেনা ও ৬০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম ইউএসএস থিওডোর রুজভেল্ট। এ ছাড়া মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন সেনা এবং ১২০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ার মধ্যেই এই সামরিক উপস্থিতি বাড়ানো হলো। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা হলেও জুলাইয়ের শুরুতেই তা ভেঙে যায়। এরপর বড় ধরনের সংঘাত এড়াতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম এবং যুদ্ধ প্রায় শেষ। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সেনারা যেকোনো সময় হামলার জন্য প্রস্তুত বলেও সতর্ক করেছিলেন তিনি।

মার্কিন রণতরী পৌঁছানোর পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে—এমন অপেক্ষায় ইরান বসে থাকবে না। কূটনীতির আড়ালে ওয়াশিংটন নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অবরোধ দিয়ে ইরানকে দমানো যাবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি। 

এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, অর্থনৈতিক চাপে ইরান এমনিতেই কোণঠাসা। তাই নতুন করে যুদ্ধের প্রয়োজন নেই।

অন্যদিকে ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ বজায় রেখেছেন এবং ইরানের বিপুল অর্থ আটকে রেখেছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন ঝুলন্ত পরিস্থিতি তেহরান মেনে নেবে না। কাতারের মাধ্যমে দেওয়া সাতটি শর্তে ইরান নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণার দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনমনীয় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকির কারণে কূটনৈতিক সমাধানের পথ কঠিন হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছে, অন্যদিকে ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকিতে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন