পারমাণবিক বোমা তৈরির কতটা কাছে ইরান?
পারমাণবিক অস্ত্রে ব্যবহারের উপযোগী ইউরেনিয়ামের বিশুদ্ধতা সাধারণত প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ বন্ধ, ইউরেনিয়ামের মজুত নিয়েও নেই নিশ্চিত তথ্য। এর মধ্যেই ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনার কথা সামনে এসেছে ইরানে। সব মিলিয়ে দেশটি পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
সোমবার (১৬ নভেম্বর) ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়া এবং তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।
দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কর্মকর্তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি পাবেন না। তাঁর আশঙ্কা, পরিদর্শনের আড়ালে যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে।
ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর থেকেই সেখানে প্রবেশ করতে পারছেন না আইএইএর পরিদর্শকেরা। ফলে এসব স্থাপনায় থাকা পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারছে না সংস্থাটি। একই সঙ্গে ইউরেনিয়ামের মজুত আগের অবস্থায় রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এমন পরিস্থিতির মধ্যেই গত রোববার ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনার কথা বলেছেন। তাঁর এ বক্তব্যের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাধারণত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইরান এরই মধ্যে ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম উৎপাদন করেছে। অন্যদিকে, পারমাণবিক অস্ত্রে ব্যবহারের উপযোগী ইউরেনিয়ামের বিশুদ্ধতা সাধারণত প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে।
এদিকে, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি এর আগে জানিয়েছিলেন, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হলে তাত্ত্বিকভাবে ১০টি পর্যন্ত পারমাণবিক বোমার উপাদান পাওয়া সম্ভব।
তবে হামলার পর থেকে ওই ইউরেনিয়ামের বর্তমান অবস্থান ও পরিমাণ যাচাই করতে পারেনি আইএইএ। সংস্থাটি জানে না, এসব উপাদান আগের স্থানে রয়েছে, আরও সমৃদ্ধ করা হয়েছে, নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম পাওয়া গেলেই কোনো দেশের হাতে কার্যকর পারমাণবিক বোমা চলে আসে না। এ ধরনের অস্ত্র তৈরি করতে আরও জটিল প্রযুক্তিগত ও প্রকৌশলগত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
এখন পর্যন্ত পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ থাকার সময়ে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে—এমন কোনো যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। তেহরানও বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, আইএইএ দ্রুত আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেতে পারলেও ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারছেন না।
সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা বাড়ছে। দেশটির কাছে বর্তমানে কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সেগুলো আরও সমৃদ্ধ করা হচ্ছে কি না এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে কী ঘটছে—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
সূত্র: গালফ নিউজ