ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত আরব নেতা আহমেদ তিবি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব সংসদ সদস্য ও তা’আল পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। তাঁর এ নির্বাচিত হওয়াকে ‘জয়েন্ট লিস্ট’ জোটের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ডানপন্থী ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আহমেদ তিবি বলেন, ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য ডেপুটি স্পিকারের পদটি ন্যায্য অর্জন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁর নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি।
তিনি আরও জানান, পার্লামেন্টের প্রতিটি কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে।
চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলে জোটটি তাঁর প্রতি সমর্থন জানায়।
নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তিবির
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন আহমেদ তিবি। রোববার ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ দাবি জানান।
এ ঘটনায় নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ‘মাফিয়া-সুলভ আচরণের’ অভিযোগও তোলেন তিনি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে রা’আম দলের তিনজন কর্মী বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার বহন করছেন, যা ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহার করা হতে পারে।
এরপর পুলিশ ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
তবে অভিযোগ উঠেছে, কোনো বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাঁদের আটক করা হয়েছিল।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আহমেদ তিবি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নেতানিয়াহুও নন।’ একই সঙ্গে তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।