EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস রুজভেল্টের আগমনের ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান, প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন। অঞ্চলটিতে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরীর উপস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একই সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি রণতরী অবস্থান করেছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।

ইউএসএস রুজভেল্টের আগে মধ্যপ্রাচ্যে পৌঁছায় ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। এ ছাড়া অঞ্চলটিতে তিনটি টাস্কফোর্সও অবস্থান করছে।

ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চলার সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অভিযানে নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধবিরতির পর ওই রণতরীর নাবিকদের বিশ্রাম দিতে সেখানে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ পাঠানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরানও মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। টানা ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সেই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। যদিও বর্তমানে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে।

তবে পরিস্থিতির যেকোনো সময় অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল ইউএসএস রুজভেল্ট। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু হলে তাতে অংশ নিতে পারে এই বিমানবাহী রণতরী।

সূত্র: এপি

আরও পড়ুন