হামলার অপেক্ষা করবে না ইরান, প্রয়োজনে আগাম পদক্ষেপ: উপপররাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
রবিবার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ঘারিবাবাদি বলেন, কূটনীতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণের চেষ্টা করছে। এর মাধ্যমে দেশটি ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’
তিনি আরও দাবি করেন, ইরানের আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের কোনো প্রচেষ্টাতেই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সফল হয়নি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান ঘারিবাবাদি।
তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য মার্কিন হামলার জবাবে তেহরান আগাম পদক্ষেপ নিতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।