ট্রাম্প-শি-পুতিনের নজিরবিহীন বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই টেবিলে বসতে যাচ্ছেন। ইরান যুদ্ধ, হরমুজ প্রণালির সংকট এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী সপ্তাহে চীনের শেনজেনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতার প্রত্যাশা করছে না ওয়াশিংটন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার হোয়াইট হাউস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এ ধরনের প্রথম যৌথ বৈঠক হতে যাচ্ছে এটি।
মার্কিন কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
তবে বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা ঘোষণার প্রত্যাশা করছে না যুক্তরাষ্ট্র। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এটিকে ভবিষ্যতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
সম্ভাব্য বৈঠক নিয়ে রাশিয়ার অবস্থানও স্পষ্ট করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, শেনজেনে তিন নেতার মধ্যে কোনো সমঝোতা হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
পেসকভের মতে, ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা গড়ে উঠতে হবে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে। কোনো একটি দেশের দৃষ্টিভঙ্গি অন্যদের ওপর চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালনা করা উচিত নয়। তিন নেতার সম্ভাব্য বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার বিষয়েও আপত্তি জানিয়েছে ক্রেমলিন।
এদিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করেছে বেইজিং ও মস্কো। অন্যদিকে, যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে এই সংকট আন্তর্জাতিক তেলবাজারেও প্রভাব ফেলেছে।
জ্বালানি সরবরাহের বিঘ্ন সামাল দিতে নিজস্ব তেলের মজুত ব্যবহার করেছে চীন। হরমুজ প্রণালির সংকটের কারণে দেশটির তেল আমদানি ও মজুত ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে এই বৈঠকে যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণেও আলোচনা
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান নিউ স্টার্ট (New START) চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর দ্বিপক্ষীয় সীমাবদ্ধতা উঠে গেছে।
মস্কো চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরিবর্তে চীনের অংশগ্রহণে নতুন ধরনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি।
যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক ছোট, তবে দেশটির অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বেইজিং এখন পর্যন্ত এ ধরনের ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি।
সব মিলিয়ে শেনজেনের এই বৈঠককে কেবল তিন নেতার কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখছে না আন্তর্জাতিক মহল। ইরান যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে। তবে তিন দেশের স্বার্থ ও অবস্থানের ভিন্নতার কারণে বড় কোনো সমঝোতা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত এই বৈঠক ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্র: পার্সটুডে