যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ এএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এক দিনে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) গাজার মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহর পূর্ব এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একাধিক কামানের গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এর একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে আঘাত হানে। হামলার সময় কাছেই একটি শোকসভা চলছিল। গোলাবর্ষণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে চালানো গুলিতে আরও একজন আহত হন।
গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই এলাকার পূর্বাংশে কামানের গোলায় এক বৃদ্ধা ও তাঁর ছেলে আহত হয়েছেন।
উত্তর গাজার বেইত লাহিয়া ও ফালুজা এলাকায় আবাসিক বাড়ি এবং বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সামরিক যান। এতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল এ তথ্য জানিয়েছে।
গাজা সিটির জেইতুন এলাকায় কোয়াডকপ্টার ড্রোন থেকে বসতবাড়ির ছাদে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে গাজার উপকূলে নৌযান থেকে গোলাবর্ষণ করা হয়। ওয়াদি গাজা সেতুর আশপাশেও কামানের হামলা চালানো হয়।
দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে তুর্কি কসাইখানা এলাকায় ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হন।
রাফাহর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে গুলি চালানো হয়। এতে এক কিশোরীর ঘাড়ে গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত ২০ বছর বয়সী ইয়াদ মোহাম্মদ আল-জাজার মারা গেছেন। এতে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর আগে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় ৩০ জন চিকিৎসাকর্মী, রোগী ও তাঁদের স্বজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৮৭৮ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। উপত্যকাটি পুনর্গঠনে আনুমানিক ৭ হাজার ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে।
সূত্র: মিডলইস্ট মনিটর
-6af70acc1828c.jpg)