ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে চার তেলবাহী জাহাজে আগুন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের দাবি, সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করে প্রণালিটি দিয়ে চলাচলের সময় জাহাজগুলো দুর্ঘটনার শিকার হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, বুধবার (১১ নভেম্বর) রাতে দুটি তেলবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষিত একটি সামুদ্রিক পথ দিয়ে চলাচল করছিল। এ সময় আইআরজিসির নৌবাহিনী বারবার সতর্ক করলেও জাহাজ দুটি ওই পথ ব্যবহার অব্যাহত রাখে।
বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং আগুন ধরে যায়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, জাহাজ দুটি সুপারট্যাংকার এবং সেগুলোতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। বিস্ফোরণের পর উভয় জাহাজ আগুনে জ্বলতে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থা রাখার পরিণতিতেই জাহাজ দুটি এমন পরিস্থিতির মুখে পড়েছে।
এদিকে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী আরও দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে চলাচলকারী জাহাজ দুটি ইরানের সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করছিল। পরে সেগুলো নৌমাইনে আঘাত হানলে আগুন ধরে যায়।
তবে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি জাহাজের নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, তা জানায়নি ইরানের সামরিক বাহিনী। এ ঘটনায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।