EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ইরানে মধ্যরাতে হামলা, সিরিকে বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

হরমুজ প্রণালির কাছে ইরানে মধ্যরাতে হামলা, সিরিকে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

অ অ

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির হরমোজগান প্রদেশের শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার আগে সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে কারা এ হামলা চালিয়েছে, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে সরকারি সূত্রগুলোও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, হামলাটি সামরিক ধরনের ছিল।

ইরনার বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে। তবে হামলাকারী কারা, কী কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমদিকে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে।


এদিকে সিরিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব পাশে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। তবে সিরিকের হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন