আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ এএম
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ভারতের একই পরিবারের তিন সদস্য রয়েছেন। এ ছাড়া অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে তা অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
অন্যদিকে, কেরালার ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে যমজ ভাইবোন ও তাদের ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নিহত তরুণের বয়স ছিল ২১ বছর। তাদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। এ ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
-6af5570032ccb.jpg)