ইরানের দাবি না মানলে যুদ্ধ বন্ধ হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কিংবা একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। সংঘাত বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত ও দাবিগুলো মেনে নিয়ে কূটনীতির পথে ফিরতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। তার দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
পার্সটুডের এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবরকে ভিত্তিহীন গণমাধ্যমের জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন আরাঘচি।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তাঁর মতে, সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়ে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান ঘটানো যাবে না। বরং যুদ্ধ বন্ধের কার্যকর পথ হলো কূটনীতি এবং ইরানের উত্থাপিত শর্ত ও দাবিগুলো মেনে নেওয়া।
যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থান তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করছেন মার্কিন নাগরিকরা। এ বিষয়টি বোঝার জন্য ট্রাম্পের নিজ দেশের জনগণের কাছ থেকে নতুন করে বার্তা শোনার প্রয়োজন ছিল না। যুক্তরাষ্ট্রের মানুষ চায় না, ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে তাদের দেশ বারবার যুদ্ধে জড়িয়ে পড়ুক।
ট্রাম্পের সামরিক কৌশলের সমালোচনা করে আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্টের আরও আগেই উপলব্ধি করা উচিত ছিল, এই যুদ্ধে ওয়াশিংটন সফল হয়নি এবং ভবিষ্যতেও সফল হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, সামরিক অভিযানের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রেও ট্রাম্প শিগগিরই বুঝতে পারবেন যে তিনি ভুল পথে এগোচ্ছেন। এসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব হবে না।
আরাঘচি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে হলে সামরিক অভিযান ও অর্থনৈতিক চাপের পথ পরিহার করতে হবে। এর পরিবর্তে সম্মানজনক ভাষায় কূটনৈতিক আলোচনায় ফিরতে হবে এবং ইরানের দাবিগুলো মেনে নিতে হবে।
তিনি জানান, ইরানের এসব শর্ত দুই দিনের একটি প্রস্তাবে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রস্তাবটি এখনো আলোচনার টেবিলে রয়েছে।
সূত্র: পার্সটুডে, ইরনা
-6af3e31fc6a41.jpg)