EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের আইনপ্রণেতারা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের আইনপ্রণেতারা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। ইরানে সামরিক অভিযান পরিচালনায় কংগ্রেসের অনুমোদন না নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করা হয়েছিল।

রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর পক্ষে সিদ্ধান্ত হয়। ম্যাসির মতে, এর মধ্য দিয়ে কার্যত অভিশংসন প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে।

কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি ম্যাসি আশা করেছিলেন, তাঁর দলের কয়েকজন সদস্যও প্রস্তাবটির পক্ষে অবস্থান নেবেন। তবে ভোটাভুটিতে কোনো রিপাবলিকান সদস্য তাঁকে সমর্থন করেননি। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যেও কয়েকজন ভোটদানে বিরত ছিলেন।


হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। ট্রাম্পও তাঁর প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এবং হেগসেথের প্রশংসা করেন।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা উল্লেখযোগ্য সাফল্য পেলেও নবনির্বাচিত সদস্যরা ২০২৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন। ফলে তত দিন পর্যন্ত কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বহাল থাকবে।

যুক্তরাষ্ট্রে কোনো মন্ত্রিসভার সদস্যকে অভিশংসনের ঘটনা বিরল। এর আগে ১৮৭৬ সালে তৎকালীন যুদ্ধমন্ত্রী উইলিয়াম বেলন্যাপের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল। অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন